মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়।
সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১৮ দশমিক ৩৫ ডলার বা প্রায় ১৯ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ০৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের ফিউচারের দাম ১৫ দশমিক ২৭ ডলার বা ১৬ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ১৭ ডলারে। সেশনের শুরুতে ডব্লিউটিআইয়ের দাম সাময়িকভাবে ১১১ দশমিক ২৪ ডলার পর্যন্ত উঠেছিল।
গত সপ্তাহজুড়েই তেলের বাজারে অস্বাভাবিক অস্থিরতা দেখা গেছে। ওই সময় ব্রেন্টের দাম প্রায় ২৭ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৩৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত তেলের সরবরাহ ব্যবস্থাকে বড় ধরনের চাপে ফেলেছে। বিশেষ করে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘমেয়াদি ব্যাঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় বাজারে উদ্বেগ বাড়ছে।
এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে ভোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগামী সপ্তাহ বা মাসজুড়ে জ্বালানির উচ্চমূল্যের প্রভাব মোকাবিলা করতে হতে পারে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়া, পরিবহন ঝুঁকি বৃদ্ধি এবং উৎপাদন সীমিত হওয়ার আশঙ্কা বাজারকে আরও অস্থির করে তুলছে।
এদিকে শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব লোহিত সাগর হয়ে তেলের চালান বাড়ানোর চেষ্টা করছে। তবে শিপিং তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে তেলের যে ঘাটতি তৈরি হচ্ছে, তা পূরণ করার জন্য এই উদ্যোগ যথেষ্ট নয়।
এএনজেড ব্যাংকের সিনিয়র পণ্য কৌশলবিদ ড্যানিয়েল হাইন্স বলেন, মধ্যপ্রাচ্যের কিছু উৎপাদক গুদামে তেল জমে যাওয়ার কারণে উৎপাদন কমিয়ে দিচ্ছেন। যদি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে তাদের তেলের কূপ বন্ধ করতে হয়, তাহলে শুধু উৎপাদনই কমবে না, সংঘাত শেষ হওয়ার পরও সরবরাহ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। এতে তেলের দাম দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়েই থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।
সূত্র: আল-জাজিরা ও রয়টার্স।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন