পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আইজিপি আরও বলেন, দেশে মব সন্ত্রাসে জড়িতদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকাও ইতোমধ্যে তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করা হবে।
তিনি বলেন, থানায় ম্যাজিস্ট্রেসি ব্যবস্থা চালু করা গেলে অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। জনগণ দ্রুত বিচার প্রত্যাশা করে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি থানায় যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো যায়, তাহলে বিভিন্ন মামলার নিষ্পত্তি দ্রুত করা সম্ভব হবে।
পুলিশ প্রধান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাইকে ইতিবাচকভাবে এগিয়ে আসতে হবে। পুলিশকে ‘জিরো কমপ্লেইন থানা’ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে এবং জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন