প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
রোববার (৫ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয় বলে দুদকের কোর্ট পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান।
আদালত সূত্রে জানা যায়, কারাগার থেকে আসামি মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২১ জুলাই আদেশের দিন ধার্য করেন।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়। এতে বলা হয়, সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করেছেন।
তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন