আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার আগে আশ্বাস দিয়েছিল অন্তত চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। এমন পরিস্থিতিতে পুনরায় দাম বাড়ানোকে জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ হিসেবে দেখছে দলটি।
সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, গত মাসে এক দফায় জ্বালানি তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ এবং ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি বাড়ানোর পর আবারও নতুন করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের নতুন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত মাসে জ্বালানির দাম বাড়ানোর প্রভাবেই চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ মানুষের আয় বাড়েনি; বরং বেকারত্ব ও অর্থনৈতিক সংকট আরও প্রকট হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, দিশাহারা জনগণ যখন দুবেলা খাবার জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
বাজেট অধিবেশন শুরুর আগে তড়িঘড়ি করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে জনস্বার্থবিরোধী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের সামগ্রিক পরিস্থিতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী জনগণের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
বিবৃতিতে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন