ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ কথা জানান। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
আরিফ হোসেন খান বলেন, খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল। কোনো ধরনের সড়ক আন্দোলন বা রাস্তার বিক্ষোভের কারণে কেন্দ্রীয় ব্যাংকের আইনি সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলেও জানান তিনি।
এর আগে সোমবার সকাল থেকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন ‘ব্যাংক গ্রাহক ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবনিযুক্ত চেয়ারম্যানের যোগদানের প্রতিবাদে একদল আন্দোলনকারী ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, ব্যাংকটির কিছু গ্রাহক মূল সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। জনদুর্ভোগ এড়াতে পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দিয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের পূর্ববর্তী চেয়ারম্যান এম জুবায়দুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ওই রাতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়োগের প্রতিবাদে ঈদের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন