রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবক মারা গেছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল ওই এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন সকালে তার তিন বছর বয়সি মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি মেয়ে সাফিয়াকে ছুড়ে মারেন, যার ফলে মেয়ে সাফিয়া কোল থেকে ছিটকে পড়ে যায়। তবে সুমন বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সাফিয়া সুস্থ অবস্থায় রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমন একটি এনজিওতে চাকরি করতেন, তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছে এবং তদন্ত চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন