ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে সাজিদ হাসান (১৯) নামে এক তরুণকে আটকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর বাদী হয়ে শাহবাগ থানায় অপহরণের মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবু জোবায়েদ জয় (২৫), মো. কামরুল ইসলাম (২২) ও আব্দুল আলীম (২৫)। আবু জোবায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী।
মামলার অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে সাজিদ হাসান ও তার বন্ধু মেহরাব হোসেন নেহালকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে নিয়ে আসেন অভিযুক্তরা।
পরে সাজিদের কাছে ইয়াবা পাওয়ার অভিযোগ তুলে তাকে গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয়। একপর্যায়ে তার শ্বশুর মো. মাসুম চৌধুরীর কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ফোন পাওয়ার পর মাসুম চৌধুরী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করেন। পরে শাহবাগ থানা পুলিশ তাকে সঙ্গে নিয়ে ভিসি চত্বরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় আরও দুইজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পলাতক দুই আসামি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. নাবিল (২৫) এবং হাজারীবাগ লেদার ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাকিল (২৫)।
শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, অপহরণ মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে সাজিদ হাসানের কাছে মাদক পাওয়ার অভিযোগে তাকেও ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন