সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ কার্যে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রশ্নের উত্তর দেন মির্জা ফখরুল।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন ও উত্তর টেবিলে উত্থাপন করা হয়।
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন পদ্ধতি চালু করেছে।
আগামী জাতীয় নির্বাচনেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করছে।
গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
তিনি আরও বলেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী কোনো জেলার নির্বাচিত সংসদ সদস্যরা ওই জেলার জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদের কার্যক্রম পরিচালনায় তারা প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন