কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় তেহরানকে ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ের বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়্যা।
বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আলোচনার প্রতিটি ধাপে অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে ৩ বিলিয়ন ডলার ছাড়ের শর্ত দিয়েছে ইরান। একই সঙ্গে ওমানের নতুন প্রস্তাবের আলোকে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে।
চলমান আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল নিজ নিজ দেশে ফিরে প্রস্তাবগুলো পর্যালোচনা করবে বলে সূত্রগুলো জানিয়েছে।
বুধবার দিনের শুরুতে দুই দেশের কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হয়। এতে কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
ইরানি প্রতিনিধিদল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং মার্কিন প্রতিনিধিদল কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, দোহা বৈঠকের প্রধান লক্ষ্য ছিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা।
তিনি জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি দল আলোচনায় অংশ নিচ্ছে।
ইরানি প্রতিনিধিদল কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি ইরান, কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেয়।
রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত থেকে দোহায় পরোক্ষ আলোচনা চলছে। আলোচনায় মূলত ইরানের জব্দকৃত অর্থ ছাড় এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি গুরুত্ব পেয়েছে।
অন্যদিকে, এএফপিকে এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, দোহার আলোচনা একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
সূত্রটি জানায়, সুইজারল্যান্ডের লেক লুসার্ন সম্মেলনে হওয়া অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।
তবে ৩ বিলিয়ন ডলার ছাড়ের প্রাথমিক সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান বা কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন