হামে ৯ মাসের এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলা গ্রহণের আবেদন খারিজ করেছেন আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। মামলা গ্রহণের কোনো উপাদান না থাকায় আদালত আবেদনটি খারিজ করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি।
মামলার অপর দুই আসামি হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে গত ৫ জুলাই মৃত শিশু সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ১২ জুলাই দিন ধার্য করেছিলেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, গত ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর দিকে মুসকান হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পরও তার অবস্থার উন্নতি না হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ মার্চ তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মার্চ শিশুটির মৃত্যু হয় বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, শিশুদের জন্য প্রয়োজনীয় হামের টিকার সরবরাহ ও ব্যবস্থাপনায় ঘাটতি ছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়নি। এর ফলে দুই বছরের কম বয়সী শিশুদের সময়মতো হামের টিকা দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করা হয়।
মামলার আবেদনে আরও বলা হয়, দেশে হামজনিত শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় রয়েছে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন