হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
এদিকে হবিগঞ্জে মঙ্গলবারের পদযাত্রায় হামলার অভিযোগের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। দলটির দপ্তর সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার সারাদেশে দলীয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় সাংবাদিক ও এনসিপির কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন