ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় আহত ১৮ বছর বয়সী আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।
বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
সারজিস আলম লেখেন, মঙ্গলবার ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী আলিফের চোখে রড দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। আহত আলিফকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালের ফটকের সামনে আবারও তাদের ওপর হামলা করা হয় বলেও দাবি করেন তিনি।
সারজিসের ভাষ্য অনুযায়ী, হামলার সময় আলিফের চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হামলাকারীরা তাকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সুযোগও দেয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে আলিফকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পোস্টে সারজিস আরও জানান, কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তার কথা হয়েছে। চিকিৎসক তাকে জানিয়েছেন, আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দ্রুত তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন