দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে মঙ্গলবার (৪ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ দেশে পৌঁছেছে।
একটি ভারতীয় ট্রাকে আনা মরিচ বন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে পাঠানো হয়। চালানটি আমদানি করেছে শিমু এন্টারপ্রাইজ। বন্দরে পণ্য খালাসে সহযোগিতা করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে হঠাৎ দাম বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বলেন, মরিচবাহী ট্রাকটি বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্র যাচাই ও খালাসের ব্যবস্থা করা হয়। সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচা মরিচ নিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
আমদানিকারক শাহাজান জানান, সব খরচ মিলিয়ে প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তার প্রায় ১৩৫ টাকা ব্যয় হয়েছে। সামান্য লাভ রেখে এসব মরিচ বাজারে বিক্রি করা হবে।
তার আশা, আমদানির পরিমাণ বাড়লে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং কাঁচা মরিচের দামও কমে আসবে।
তবে কাস্টমসের হয়রানি ও পণ্য ছাড়করণে জটিলতার অভিযোগ করেছেন তিনি। শাহাজানের দাবি, এসব কারণে অতিরিক্ত রাজস্ব দিতে হচ্ছে, আমদানি ব্যয় বাড়ছে এবং আমদানিকারকেরা লোকসানের ঝুঁকিতে পড়ছেন।
এদিকে মঙ্গলবার বেনাপোলের স্থানীয় কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি বাড়লে আগামী দিনে দাম আরও কমতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন