চট্টগ্রাম নগরীর খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করার মাধ্যমে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও প্রধান বন্দরনগরী। পাহাড়, নদী, সমুদ্র ও সমতলভূমিতে সমৃদ্ধ এ নগরীর খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে নগরবাসীকে জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব কার্যক্রম বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন