রাঙামাটিতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাঁঠালতলি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে বেলা দুইটার দিকে বিএনপি নেতাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে মো. অলি আহাদকে সভাপতি এবং নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পরপরই জেলা ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নবগঠিত কমিটির সভাপতি মো. অলি আহাদের বিরুদ্ধে সাজেকে পর্যটক অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক নাঈমুল ইসলামের বিরুদ্ধেও মাদকের মামলা রয়েছে বলে দাবি করেন তারা। এসব অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবি জানান বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
এদিকে, ঘোষিত এই কমিটি বাতিলের দাবিতে নেতা-কর্মীরা কাঁঠালতলি এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় নবগঠিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। অবরোধের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কারণে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। চট্টগ্রামগামী যাত্রী ও পরিবহন চালকরা জানান, সড়ক বন্ধ থাকায় দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে তাদের।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন