জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এবং এর জন্য প্রয়োজন হলে আবারও জীবন দেওয়ার প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেটিকে ধাপে ধাপে সফলতার দিকে নিতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে ১১ দলীয় ঐক্য। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে যাওয়ার আগেই তারা ঘোষণা দিয়েছিলেন যে, সংসদের নানা সুযোগ-সুবিধা নেওয়ার জন্য সেখানে যাননি। যেগুলো না নিলেই নয়, শুধু সেগুলোই নেবেন; অবৈধ কোনো কিছুর দিকে তাদের চোখ বা হাত যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
গণভোট প্রশ্নে সরকারের দ্বৈত অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, একসময় গণভোটকে ‘হারাম’ বলা হয়েছে, আবার অন্য সময় সেটিকে ‘অর্ধেক হালাল’ করা হয়েছে। তিনি জানান , সংসদে তাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা হলেও তারা জনগণের অধিকারের পক্ষে কথা বলা বন্ধ করেননি।
জামায়াতের আমির বলেন, এই গণঅভ্যুত্থান শুধু শিক্ষিত ছাত্র বা রাজনীতিবিদদের আন্দোলন ছিল না। তার দাবি, প্রায় ১ হাজার ৪০০ শহীদের মধ্যে ৬২ শতাংশই শ্রমিক, যারা কেবল কোটাবৈষম্যের প্রশ্নে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েও আন্দোলনে নেমেছিলেন।
সংসদের বর্তমান অবস্থাকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই না থাকলে সরকারও থাকত না, বিরোধী দলও থাকত না। তিনি আরও অভিযোগ করেন, জাতীয় সংসদে আবারও ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ দেখা যাচ্ছে এবং বিরোধী কণ্ঠের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্যের ভাষা ফিরে আসছে। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, এই আন্দোলন কোনো সুবিধাবাদী আন্দোলন নয়, ক্ষমতার ভাগ-বাটোয়ারার আন্দোলনও নয়; বরং এটি শহীদদের রক্তের অঙ্গীকার এবং জুলাইযোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংগ্রাম। দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে কোনো পারিবারিক রাজতন্ত্রকে ফ্যাসিবাদী রূপে চলতে দেওয়া হবে না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন