বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়া বাড়ি’ এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের প্রস্তুতি। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ইতোমধ্য়েই বাড়ির মূল ফটক থেকে শুরু করে বাড়ির আঙিনা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। স্থানীয়রা জানান, ‘ঘরের ছেলে’ প্রধানমন্ত্রী হয়ে নিজ এলাকায় ফিরছেন- এ অনুভূতিতে আলাদা আবেগ কাজ করছে তাদের মধ্যে।
বাড়ির কেয়ারটেকার আব্দুস সাত্তার স্মৃতিচারণ করে বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বহু স্মৃতি এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে তিনিও আবেগাপ্লুত। স্থানীয় রাজনৈতিক নেতারাও বলছেন, তারেক রহমানের এ সফর বগুড়াবাসীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
সরকারি সফরসূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল একদিনের রাষ্ট্রীয়/সরকারি সফরে বগুড়া যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন, ই-বেইলবন্ড কার্যক্রমের সূচনা এবং জেলার আরও কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি গাবতলীর বাগবাড়ী গ্রামে পৈতৃক নিবাসও পরিদর্শন করবেন।
তবে সফর নিয়ে একটি প্রতিবেদনে বগুড়া জেলা প্রশাসকের বরাতে বলা হয়েছে, তখনও তার কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পৌঁছেনি। ফলে সফরসূচি-সংক্রান্ত তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করছেন সংশ্লিষ্টরা।
এই সফরকে কেন্দ্র করে গাবতলী ও আশপাশের এলাকায় নিরাপত্তা এবং জনসমাগম মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর বগুড়ার উন্নয়ন-আলোচনায় নতুন গতি আনবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন