বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছাবে এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে তিন দেশের জনগণই উপকৃত হবে।
তিস্তা প্রকল্প প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী চীন এ প্রকল্পে কাজ করবে এবং এ বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সক্ষমতার মধ্যে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, টেকসই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ বিষয়ে চীন বাংলাদেশকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী। অতীতে ফিজিবিলিটি স্টাডি নিয়ে চীনা কোম্পানির সঙ্গে সমঝোতা থাকলেও এবার দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা হয়েছে বলেও তিনি জানান।
রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনায় চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতারা নিয়মিত আলোচনায় বসছেন এবং সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যৌথ স্বার্থে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে। তিনি দাবি করেন, শি জিনপিং ও তারেক রহমানের মধ্যে আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত বিষয় নিয়েও কথা হয়েছে, যা পারস্পরিক আস্থা বাড়িয়েছে।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে চীন সমর্থন করে এবং জনগণের স্বার্থে বাংলাদেশের পাশে থাকবে।
তিনি আরও জানান, ব্রিকসের সদস্যপদে বাংলাদেশের সমর্থনে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্রদূত বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ আরও জোরদার হবে এবং সরকার, আইনসভা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়বে। কূটনীতি ও প্রতিরক্ষা খাতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে একমত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, যেকোনো আন্তর্জাতিক পরিস্থিতিতেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বস্ত করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন