ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর পুনর্দখল করেছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার দিনব্যাপী বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর যন্তর মন্তর থেকে মঞ্চ ও তাঁবু সরিয়ে ফেলা হয়েছিল। তবে মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা আবার সেখানে জড়ো হয়ে স্থানটি পুনর্দখল করেন।
বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণার পর ভোর থেকেই যন্তর মন্তরে আসতে শুরু করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচি চলাকালে হাজারো শিক্ষার্থী রাজধানীর রাস্তায় নেমে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনের কাছাকাছি পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
সংঘর্ষে ১০০ জনের বেশি পুলিশ সদস্য এবং ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানানো হয়েছে। প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।
দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীরা কর্মসূচি চলাকালে ‘বেপরোয়া, আক্রমণাত্মক ও সহিংস’ আচরণ করেছেন। বারবার সতর্ক করা হলেও তারা আইনানুগ নির্দেশনা অমান্য করেছেন বলে পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে বিক্ষোভকারীরা ‘সংসদ চলো’ মিছিলে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ করেছেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি তাদের।
সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাঁর বাসভবনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি তাদের দাবি শোনেন এবং আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।
সিজেপির তিনটি দাবি হলো—সোনাম ওয়াংচুককে চলাচলে কোনো বিধিনিষেধ ছাড়াই মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ।
বৈঠকের পর সৌরভ দাস বলেন, মন্ত্রী যথাযথ পর্যায়ে বিষয়গুলো নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা ঘরে ফিরবেন না বলেও জানান তিনি।
সূত্র: এনডিটিভি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন