ব্যক্তিগত কারণে আর্টসেলের নিয়মিত কার্যক্রম থেকে সাময়িক বিরতি নিচ্ছেন ব্যান্ডটির ভোকাল ও ফ্রন্টম্যান লিংকন ডি’কস্তা। তার অনুপস্থিতিতে মঞ্চে আর্টসেলের গান পরিবেশন করবেন সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন।
বুধবার (২৪ জুন) দিবাগত রাতে এক ভিডিওবার্তায় এ সিদ্ধান্তের কথা জানান ব্যান্ডটির সদস্যরা। তবে লিংকনের এই বিরতি স্থায়ী নয় এবং ব্যান্ডের স্টেজ কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।
বর্তমানে কানাডায় অবস্থান করছেন লিংকন। দীর্ঘ ২৭ বছরের সংগীতজীবনে এবারই প্রথম তিনি এত দীর্ঘ সময় আর্টসেলের নিয়মিত কার্যক্রম থেকে দূরে রয়েছেন।
ভিডিওবার্তায় লিংকন বলেন, ‘আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ফ্যানদের ছেড়ে দেশের বাইরে এতদিন থাকা। গত ২৭ বছরে আমি কখনো আর্টসেলের ক্লাসে অনুপস্থিত থাকিনি। কিন্তু জীবনের চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে, যা এড়ানো যায় না। এটা সময়ের দাবি।’
ব্যক্তিগত কারণে তাকে আরও কিছুদিন দেশের বাইরে থাকতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ছোট একটা বিরতি নিচ্ছি, তবে ফিরে আসব।’
ব্যান্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করেই নিজের অনুপস্থিতিতে অন্য একজন ভোকালকে মঞ্চে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান লিংকন। তার মতে, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানের অস্তিত্ব বড়। তাই তার অনুপস্থিতিতে আর্টসেলের পথচলা থেমে যাক বা ভক্তরা কনসার্ট থেকে বঞ্চিত হোক, সেটি তিনি চান না।
লিংকনের বিরতিকালে আর্টসেলের হয়ে মঞ্চে গান করবেন বখতিয়ার হোসাইন। তিনি এর আগে রক ব্যান্ড ‘বে অব বেঙ্গল’-এর ভোকাল হিসেবে পরিচিত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ব্যান্ডটি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ান তিনি।
বখতিয়ার সম্পর্কে লিংকন বলেন, ‘বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লিগ্যাসি বোঝে।’
ভক্তদের উদ্দেশে লিংকন বলেন, ‘কাউকে কারও সঙ্গে তুলনা করবেন না। বখতিয়ার যখন স্টেজে গাইবে, তখন তার ব্যক্তিগত যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন। আমি দূরে থাকলেও সবসময় আর্টসেলের সঙ্গেই আছি।’
আর্টসেলের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘কখনোই লিংকনকে ছাড়া কিছু চিন্তা করিনি। গত ছয়-সাত মাস আমরা স্টেজ শো করছি না। কিন্তু ফ্যানদেরও তো আমাদের প্রয়োজন আছে। জীবনের প্রয়োজনে অনেক সময় কিছু সিদ্ধান্ত নিতে হয়।’
গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল জানান, লিংকন নিজেই চেয়েছিলেন তার অনুপস্থিতিতে ব্যান্ডের কার্যক্রম যেন স্থবির না হয়ে পড়ে।
তিনি বলেন, ‘আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল, যে শুধু গান গাইবে না; আর্টসেলের ২৭ বছরের আবেগ ও দর্শনও ধারণ করতে পারবে। সেই কারণেই বখতিয়ারকে বেছে নেওয়া হয়েছে।’
নতুন দায়িত্ব পেয়ে বখতিয়ার বলেন, ‘আর্টসেল একটি লিগ্যাসি। লিংকন ভাইয়ের জায়গা নেওয়ার ধৃষ্টতা আমার নেই। তবে আমার সংগীতজীবনে আর্টসেল সবসময়ই আবেগের একটি জায়গা ছিল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
১৯৯৯ সালে যাত্রা শুরু করে আর্টসেল। ২০০২ সালে ব্যান্ডটির প্রথম একক অ্যালবাম ‘অন্য সময়’ এবং ২০০৬ সালে দ্বিতীয় অ্যালবাম ‘অনিকেত প্রান্তর’ প্রকাশিত হয়। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে প্রকাশ পায় তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’।
‘পথচলা’, ‘ধূসর সময়’ ও ‘দুঃখবিলাস’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে বাংলা রক সংগীতে আলাদা অবস্থান তৈরি করেছে ব্যান্ডটি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন