সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে বাংলাদেশের গণমাধ্যমে তার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়।
মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, অনেক গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে না। তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।
প্রয়োজনে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও গণমাধ্যমগুলোকে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার এ মুহূর্তে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে না। তবে গণমাধ্যমের আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হলে মানুষ বিভিন্ন মাধ্যমে তা জানতে পারে। তবে দেশের ভেতরে আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমে সরাসরি সেই বক্তব্য প্রচার করা সমীচীন নয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন