ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন, যাদের মধ্যে চারটি শিশু রয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল আবাসিক ভবনের একাংশ ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে।
শনিবার (১ আগস্ট) ভোরে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণে পুরো কিয়েভ কেঁপে ওঠে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শহরের শেভচেনকিভস্কি জেলায় একটি বহুতল আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবনটির প্রথম ও দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ে এবং ভেতরে বহু বাসিন্দা আটকা পড়েন।
হামলার পর শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। কয়েকটি গুদামেও আগুন লাগে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।
দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করে।
চলতি সপ্তাহে কিয়েভে এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। এর দুই দিন আগে ইউক্রেনজুড়ে রাশিয়ার আরেকটি বড় হামলার সময় সন্দেহভাজন একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে গিয়ে পড়ে।
ওই হামলায় ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছের একটি গ্রামে একই পরিবারের ছয় সদস্যসহ মোট নয়জন নিহত হন।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। তবে এসব হামলা প্রতিহত করতে ব্যবহৃত মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে রয়েছে ইউক্রেন।
অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে ইউক্রেন। বিশেষ করে দেশটির তেল সংরক্ষণাগার ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে আরও সামরিক সহায়তা চেয়েছেন। একই সঙ্গে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিজ দেশে উৎপাদনের লাইসেন্স পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।
তবে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এ বিষয়ে আলোচনা চললেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
ট্রাম্প বলেন, অত্যাধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকতে হবে। কারণ ভবিষ্যতে সেই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ব্যবহার হতে পারে—এমন আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন