মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতে ব্যাপক ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে যাচ্ছে। এতে বর্তমান মাত্রায় প্রতিরক্ষা ও পাল্টা হামলার সক্ষমতা দেশটি আর কত দিন ধরে রাখতে পারবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার (১ আগস্ট) ফক্স নিউজের একটি প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সংকলিত তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ২ হাজার ৩০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল। ধারাবাহিক ব্যবহারের পর সেই সংখ্যা কমে ৮২৭টির নিচে নেমে এসেছে।
একইভাবে কমেছে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুত। সংঘাতের আগে যুক্তরাষ্ট্রের কাছে ৪৫২টি থাড ইন্টারসেপ্টর থাকলেও বর্তমানে তা ২৭৮টির নিচে নেমেছে।
সিএসআইএসের আশঙ্কা, বর্তমান ঘাটতি পূরণ করে এসব গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্রের মজুত আগের অবস্থায় নিতে অন্তত তিন বছর সময় লাগতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ অন্য কোনো এলাকায় নতুন সামরিক সংকট দেখা দিলে সেখানে মোতায়েন মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দেওয়ার সক্ষমতা চাপে পড়তে পারে।
ইন্টারসেপ্টরের ঘাটতি মোকাবিলায় ২০২৬ অর্থবছরের প্রস্তাবিত ৬৭ বিলিয়ন ডলারের জরুরি তহবিল থেকে ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে পেন্টাগন।
এই অর্থে নতুন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, মার্কিন নৌবাহিনীর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন