রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী হাসান ও আজাহারুল ইসলামের ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাকসু নেতারাও সংহতি প্রকাশ করেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে এ ধরনের হামলার ঘটনা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের ভাষ্য, ক্যাম্পাসে সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান থাকতে পারে না এবং হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
ভুক্তভোগী শিক্ষার্থী হাসান অভিযোগ করেন, চারুকলা এলাকায় কিছু বহিরাগত প্রায়ই দর্শনার্থীদের হেনস্তা করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে তাদের এক সহপাঠীকে হেনস্তার অভিযোগ ওঠে। পরে রাতে প্যারিস রোড এলাকায় বসে থাকা অবস্থায় ছাত্রদল নেতা হাসিব এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে দাবি করেন তিনি। তার দাবি, এ ঘটনায় হাসিব ছাড়া ছাত্রদলের অন্য কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না।
একই বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, তারা দোষীদের শাস্তি এবং ক্যাম্পাসে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে কর্মসূচি পালন করছেন। আহত দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, কোনো সংগঠনের পরিচয়ে ক্যাম্পাসে হামলা, ভয়ভীতি বা প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়। সুষ্ঠু বিচার না হলে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও হুমকি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় হাসান ও আজাহারুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন