চলমান সংঘাতের প্রেক্ষাপটে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আজ (১৬ এপ্রিল) ফোনালাপ করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্য গালিয়া গামলিয়েল এই তথ্য নিশ্চিত করেছেন।
এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্টের কয়েক ঘণ্টা পর জানানো হয়। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছিলেন, “ইসরায়েল ও লেবাননের নেতারা আগামীকাল (বৃহস্পতিবার) আলোচনা করবেন।”
গামলিয়েলের ঘোষণার আগে, লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছিলেন, ইসরায়েলের সঙ্গে কোনো যোগাযোগের বিষয়ে তারা কিছুই জানেন না। তবে, টাইমস অব ইসরায়েল (টিওআই) জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ত্রিপক্ষীয় ফোনালাপ আয়োজনের তোড়জোড় চলছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ফোনালাপের মূল বিষয়বস্তু হতে পারে দুই দেশের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতি শুরু করা এবং একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পদক্ষেপ বাস্তবায়ন।
এদিকে, টাইমস অব ইসরায়েল একটি পৃথক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা বুধবার রাতে এক জরুরি বৈঠকে বসেছিল। সূত্রের মতে, যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপের মুখে যুদ্ধবিরতি মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের আর কোনো উপায় নেই।
গালিয়া গামলিয়েল ইসরায়েলের আর্মি রেডিওকে বলেন, “এত বছরের সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর এই কথোপকথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যায়, এটি একটি সফল পদক্ষেপ হবে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন