গণমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলোও তুলে ধরা, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।তিনি বলেন, চট্টগ্রামে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ হওয়ার সংবাদের সঙ্গে দুটি জাহাজ ঘাটে নোঙর করে দুই লাখ মেট্রিক টন তেল আনা হওয়ার খবরও প্রচার হওয়া উচিত ছিল।
বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, ‘যদিও বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের (সরকারি দল) ও বিরোধী দলের মধ্যে কিছু মতপার্থক্য আছে, তবে আমরা সবাই ঐকমত্যে আসব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব।’
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এ কথা বলেন চিফ হুইপ। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
চিফ হুইপ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আমরা আলোচনা–সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐকমত্যে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র।’
এ সময় নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। তিনি মানবিক কল্যাণ, মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তার প্রধান লক্ষ্য স্থির করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন